স্বামীর অবৈধ সম্পর্কে বাঁধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের দেউতলা অঞ্চলের ২১ মাইল গ্রামে। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ার করেছে মৃত মেয়ের পরিবার। শোকের ছায়া মৃতার পরিবারে।
জানা গিয়েছে, গাজোল ব্লকের আলাল অঞ্চলের বইরগাছি গ্রামের বাসিন্দা লালান সাহার মেয়ে টুম্পা সাহা(১৮)-র বিয়ে হয় গাজোল ব্লকের দেউতলা অঞ্চলের ২১ মাইল গ্রামের বাসিন্দা সঞ্জয় সাহা(২৮)-র সাথে। আজ থেকে প্রায় এক মাস তিন দিন আগে। দুই পরিবারের সম্মতি নিয়ে আনুষ্ঠানিক ভাবে সমস্ত কিছু দান সামগ্রী দিয়ে টুম্পার বিয়ে দিয়েছিলেন তার বাবা।
মেয়ের পরিবারের অভিযোগ, বিয়ের আগে থেকে গ্রামেরই এক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল তাদের জামাই সঞ্জয় সাহার। বিয়ের পর সেই কথা জানতে পারে টুম্পা। এরপর সে তার স্বামীকে বাঁধা দিলে এই বিষয় নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদবাধে। প্রায় দিন বচসা হয়। শনিবার গভীর রাতে তা চরমে উঠে। টুম্পার শ্বাসরোধ করে তার গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেয় স্বামী সঞ্জয় বলে অভিযোগ। এরপর রাত্রি ২টা নাগাদ মেয়ের দিদি দেবী সাহাকে স্বামী সঞ্জয় ফোন করে বলে টুম্পা নিজের গায়ে আগুন দিয়েছে। খবর পেয়ে মেয়ের বাড়ির লোকেরা পৌঁছায় তার শ্বশুরবাড়ি। সেখানে তাদের মেয়ের নিথর দেহ পরে থাকতে দেখে তারা। এরপর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয় মেয়ের বাড়ির পক্ষ থেকে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তবে স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।